বিশ্বের শীর্ষ ভোক্তা দেশ চীনে এবার অ্যালুমিনিয়াম উৎপাদনে মন্দা ভাব বজায় রয়েছে। একই সঙ্গে এ বছর দেশটিতে ব্যবহারিক ধাতুটির ব্যবহার তিন দশকের মধ্যে প্রথমবারের মতো কমে আসতে পারে। খবর এসআ্যাান্ডপি গ্লোবাল প্লাটস।
বছর শেষে দেশটিতে অ্যালুমিনিয়ামের সামগ্রিক উৎপাদন নিম্নমুখী থাকতে পারে। দেশটির ধাতুবিষয়ক কনসালট্যান্সি আনতাইকের অ্যালুমিনিয়াম ডিপার্টমেন্টের পরিচালক ওয়াং হংফেই জানান, এবার দেশটির কারখানাগুলোয় সব মিলিয়ে ৩ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টন অ্যালুুমিনিয়াম উৎপাদন হতে পারে, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ কম।
এদিকে উৎপাদনের সঙ্গে এবার দেশটিতে ধাতুটির ব্যবহারও কমবে। বছর শেষে দেশটির অ্যালুমিনিয়াম ব্যবহার দাঁড়াতে পারে ৩ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ২ শতাংশ কম। একই সঙ্গে এটা গত ৩০ বছরের মধ্যে এ খাতে প্রথম নেতিবাচক প্রবৃদ্ধি।
মূলত মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধের প্রভাবে দেশটির অর্থনৈতিক গতি শ্লথ হয়ে পড়েছে। এ কারণে রিয়াল এস্টেট, অটোমোবাইল ও হোম অ্যাপ্লায়েন্স খাতে শিল্প পণ্যটির চাহিদা দুর্বল হয়ে পড়েছে, যা সামগ্রিক ব্যবহার কমিয়ে আনতে প্রভাব রেখেছে।
চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) দেশটি মোট ৩ কোটি ২১ লাখ ৩০ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৬ শতাংশ কম।
তবে আগামী বছর দেশটি এ পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে প্রত্যাশা করছেন খাতসংশ্লিষ্টরা। ২০২০ সালে চীনে ধাতু পণ্যটির উৎপাদন ও ব্যবহার উভয় ক্ষেত্রেই চাঙ্গা ভাব ফিরতে পারে।
এদিকে নভেম্বরে চীনে মোট ২৯ লাখ টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই মাসের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ কম। তবে একই বছরের আগের মাসের তুলনায় শিল্প পণ্যটির উৎপাদন বেড়েছে দশমিক ৬ শতাংশ।









