ইউক্রেনের রফতানিতে সহায়তা দিতে পোল্যান্ডের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন ঘটানো হচ্ছে। পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিয়েস্কি জানিয়েছেন, এর মাধ্যমে প্রতিবেশী ইউক্রেন থেকে শস্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন সহজ হবে। এ কার্যক্রম তিন মাসেরও বেশি সময় ধরে রাশিয়ার আগ্রাসনের কারণে বন্ধ রয়েছে। খবর রয়টার্স।
রাশিয়ার অব্যাহত বোমাবর্ষণের কারণে ইউক্রেনের ক্ষতিগ্রস্ত বরোডইয়াঙ্কা শহরে দাঁড়িয়ে এ পরিকল্পনার কথা জানান মোরাভিয়েস্কি। এ শহরের অধিবাসীদের জন্য কনটেইনার হাউজ দিয়েছে পোল্যান্ড। যুদ্ধের কারণে যারা গৃহহীন হয়েছে তাদের জন্যই এ উদ্যোগ।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে তার দেশ যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে কাজ করছে। যার মাধ্যমে ইউক্রেনের লাখ লাখ টন শস্য ও কৃষিজাত পণ্য সহজে বিশ্বের বিভিন্ন দেশের কাছে পৌঁছে দেয়া যায়। এ উদ্যোগের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে তহবিল বরাদ্দ পাওয়া গেছে বলেও জানান তিনি।
উত্তর আফ্রিকা ও মধ্য পূর্বাঞ্চলের দেশগুলো ইউক্রেনের শস্যের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। যুদ্ধের কারণে গমসহ অন্যান্য শস্য সরবরাহ বন্ধ হয়ে গেলে এসব দেশের মানুষ খাদ্য সংকটে ভুগতে পারেন। এ মুহূর্তে ইউক্রেনের পণ্য রফতানির জন্য পোল্যান্ড গুরুত্বপূর্ণ সংযোগ পথ। কিন্তু সীমান্তে নানা সমস্যাসহ যোগাযোগ ব্যবস্থার কারণে পণ্য রফতানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি যুদ্ধের পর প্রতিরক্ষা, নিরাপত্তা ও অবকাঠামো খাতের পুনরুদ্ধারে ইউক্রেনের সঙ্গে কাজ করার প্রত্যাশার কথাও জানিয়েছেন পোলিশ প্রধানমন্ত্রী।










