এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫০৬তম সভায় সম্প্রতি এসএম আবু মহসীন পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান, মো. নূরুন নেওয়াজ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ অডিট কমিটির চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
নির্বাহী কমিটির চেয়ারম্যান এসএম আবু মহসীন দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি মহসীন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান এবং সেন্ট্রাল হসপিটাল লিমিটেডের পরিচালক। তিনি অ্যালায়েন্স ডিপ সি ফিশিং লিমিটেড, জেএম শিপিং লাইনস ও ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন কোং লিমিটেডের চেয়ারম্যান এবং ব্রাদার্স অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পগ্রুপ মোজাহের ঔষধালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এসএম মোজাহেরুল হকের ছেলে ও মোজাহের গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।
ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ দেশের বিশিষ্ট শিল্পপতি ও শিল্প উদ্যোক্তা। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালক ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।
এছাড়া আগে তিনি বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। নেওয়াজ ইলেক্ট্রোমার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান। তিনি ২০২১ সালের জন্য বাণিজ্যিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত একজন সিআইপি। তিনি ফেনী ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের সদস্য ও ফেনীতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসা গড়ে তুলেছেন। —বিজ্ঞপ্তি










