সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্লাস্টিক ফার্মিংয়ের উদ্যোগ নিয়েছে। প্লাস্টিকের বোতল ব্যবহার করে চাষাবাদের মাধ্যমে দূষণের সমস্যা নিরসন করতে এ অভিনব উদ্যোগ নিয়েছে শিল্প গ্রুপটি। এর অংশ হিসেবে প্রথমে বিভিন্ন জলাশয় থেকে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল সংগ্রহ করা হয়। এরপর সেসব বোতল দিয়ে ভাসমান বেড তৈরি করে মাটি ও কম্পোস্টের মাধ্যমে বীজ বপন করা হয়। প্রায় দুই বছর ধরে বিভিন্ন গবেষণার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও পিরোজপুরের ভূমিহীন কৃষকদের সঙ্গে নিয়ে উদ্যোগটি বাস্তবায়ন করা হয়। উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে কর্মকর্তারা অঞ্চলের ভূমিহীন কৃষকদের প্লাস্টিক ফার্মিং পদ্ধতি শেখান। এছাড়া গ্রামে গ্রামে কৃষকদের প্লাস্টিক ফার্মিং শেখাতে ভিডিও টিউটোরিয়াল দেখানোর কর্মসূচি এবং একটি ওয়েবসাইট প্রস্তুত করা হয়। ফলে ২০টি গ্রামের ২ হাজার ১০০ কৃষক প্লাস্টিক ফার্মিংয়ের আওতায় আসে। —বিজ্ঞপ্তি