ইউক্রেনে হামলার প্রতিবাদ হিসেবে পশ্চিমা দেশগুলোর দেয়া নানা নিষেধাজ্ঞার কারণে বেশ চাপে রয়েছে রাশিয়া। নিষেধাজ্ঞা রয়েছে আকাশসীমা ব্যবহারেও। এ অবস্থায় রাশিয়ার রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিষেবা সংস্থা অ্যারোফ্লট ৩০০ কোটি ডলারের জরুরি শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্স।
রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থাটি জানিয়েছে, বার্ষিক মিটিংয়ে শেয়ারহোল্ডাররা ৫৪২ কোটি নতুন শেয়ার ইস্যুর বিষয়টির অনুমোদন দিয়েছেন। যেগুলোর প্রতিটির মূল্য হবে ৩৪ দশমিক ২৯ রুবল।
পাশাপাশি ইউনাইটেড এয়ারক্রাফট করপোরেশনের কাছ থেকে আরো ৩০০টি উড়োজাহাজ কেনার পরিকল্পনাও করছে অ্যারোফ্লট। জানা গিয়েছে, মধ্যম পর্যায়ের ইরকুট এমএস-২১ মডেলের উড়োজাহাজ কেনার বিষয়ে আগ্রহী অ্যারোফ্লট। এগুলোর ধারণক্ষমতা ২০০ জনের বেশি। চলতি বছরই এসব উড়োজাহাজ সংস্থাটির বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।
এছাড়া সুখোই সুপারজেট ১০০ কেনারও পরিকল্পনা রয়েছে অ্যারোফ্লটের। এটি সাধারণত ১০০ যাত্রী পরিবহন সক্ষম হয়ে থাকে।










