পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে কোম্পানিটির চলতি ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরে প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) স্ট্যান্ডার্ড সিরামিকের মোট আয় হয়েছে ১২ কোটি ২৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ১৪ কোটি ৪০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ২ কোটি ১৬ লাখ টাকা বা ১৪ দশমিক ৯৯ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন লোকসান হয়েছে ২ কোটি ৭৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে পরিচালন লোকসান হয়েছিল ১ কোটি ৩৯ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২ কোটি ৭৯ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ১ কোটি ৪৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট লোকসান বেড়েছে ১ কোটি ৩১ লাখ টাকা বা ৮৮ দশমিক ১৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৩৩ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ২ টাকা ৩০ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৩৩ পয়সায়। 

এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির মোট আয় হয়েছে ৬ কোটি ৪ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ৭ কোটি ৭৩ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির পরিচালন লোকসান হয়েছে ৮৪ লাখ টাকা।