গ্রাহকদের ডিজিটাল সম্পৃক্ততা জোরদার করতে মাস্টারকার্ডের সঙ্গে কৌশলগত পার্টনারশিপ করেছে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ডিরেক্টর জাকিয়া সুলতানার উপস্থিতিতে পার্টনারশিপের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘ডিজিটাল সচেতন তরুণ যারা নিরবচ্ছিন্ন ও লাইফস্টাইলভিত্তিক অভিজ্ঞতা প্রত্যাশা করেন, তাদের জন্য সংযোগসেবা ছাড়াও অর্থবহ উপযোগিতা নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। মাস্টারকার্ডের সঙ্গে আমাদের এ পার্টনারশিপ সংযোগ, পেমেন্ট ও জীবনধারাভিত্তিক সুবিধার সমন্বয়ে যৌথভাবে উদ্ভাবনী সেবা নিয়ে আসার নতুন সুযোগ সৃষ্টি করেছে, যা আমাদের গ্রাহকদের জন্য আরো স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ সৃষ্টি করবে। আন্তরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের জন্য আমি মাস্টারকার্ড টিমকে ধন্যবাদ জানাই।’
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি উল্লেখযোগ্য গতিতে এগিয়ে চলেছে। দেশের ডিজিটাল রূপান্তরে দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালনকারী গ্রামীণফোনের সঙ্গে পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। কয়েক দশক ধরে বাংলাদেশে একটি নিরাপদ, নিরবচ্ছিন্ন ও অন্তর্ভুক্তিমূলক পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে প্রতিশ্রুতিশীল পার্টনারের ভূমিকা পালন করছে মাস্টারকার্ড। আমাদের যৌথ লক্ষ্য হচ্ছে উদ্ভাবন, বিশ্বস্ত ডিজিটাল পেমেন্ট সেবা এবং লাইফস্টাইলভিত্তিক সুবিধার মাধ্যমে তরুণ গ্রাহকদের ক্ষমতায়ন করা, যা তাদের পরিবর্তিত চাহিদা ও আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ পার্টনারশিপ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।’
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিষ্ঠান দুটির যৌথ লক্ষ্য হলো গ্রাহকদের জন্য, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য ভবিষ্যতের উপযোগী সেবা নিশ্চিত করা। এতে গ্রামীণফোনের বিস্তৃত ডিজিটাল ইকোসিস্টেম ও মাস্টারকার্ডের বৈশ্বিক পেমেন্ট দক্ষতা ও লাইফস্টাইলভিত্তিক উদ্ভাবনের সমন্বয়ে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। পাশাপাশি সম্ভাব্য কো-ব্র্যান্ডেড উদ্যোগ এবং গ্রামীণফোনের গ্রাহকদের জন্য অনন্য সুবিধাসহ বৈচিত্র্যময় সেবা প্রদানে গুরুত্ব দেয়া হবে।










