চীনা প্রপার্টি ডেভেলপার কান্ট্রি গার্ডেন হোল্ডিংস বছরের প্রথমার্ধে ৯২০ কোটি ডলার লোকসান গুনেছে। আর্থিক পরিস্থিতি আরো খারাপ হলে ঋণখেলাপি হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর দ্য স্ট্রেইটস টাইমস। 

ঘোষণাটি চীনে চলমান আবাসন খাতের সংকটকে তুলে ধরেছে, যা দেশটির প্রপার্টি ডেভেলপারদের ব্যবসাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। কান্ট্রি গার্ডেনের আর্থিক পরিস্থিতি বিশেষ উদ্বেগ তৈরি করছে তার আকারের কারণে। কারণ প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের চেয়ে চার গুণ বেশি আবাসন প্রকল্প তাদের হাতে রয়েছে। কোম্পানিটির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চায়না এভারগ্র্যান্ড গ্রুপও সম্প্রতি আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে।

নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও কান্ট্রি গার্ডেন এখনো বিশ্বাস করে আগামী ১২ মাসের মধ্যে প্রত্যাশিত নগদ প্রবাহ, ব্যয় নিয়ন্ত্রণ ও ঋণদাতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা আর্থিক বাধ্যবাধকতাগুলো পূরণ করতে পারবে। তবে তারা স্বীকার করে যে আবাসন বাজারের মন্দা ও নিম্নস্তরের সম্পত্তি বাজারের ওপর অত্যধিক নির্ভরতা মোকাবেলায় সময়মতো পদক্ষেপ নেয়নি।