মহামারীর শুরু থেকেই জিরো কভিড নীতিতে চলছে চীন। চলতি বছরের শুরুতে প্রাদুর্ভাব দেখা দেয়ায় আবারো লকডাউন আরোপ করা হয়। সাংহাইসহ দেশটির বৃহত্তম শহর ও বাণিজ্য নগরীগুলো এখনো বিধিনিষেধের আওতায় রয়েছে। ফলে এপ্রিলে দেশটির খুচরা বিক্রি থেকে শুরু করে কারখানা কার্যক্রম পর্যন্ত বিভিন্ন খাতে ব্যাপক সংকোচন দেখা দেয়। এ সময়ে দেশটির বৃহত্তম মেট্রোপলিটন এলাকায় একটি গাড়িও বিক্রি হয়নি। সব মিলিয়ে চলতি বছর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস পূরণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। খবর রয়টার্স।
চীনের সবচেয়ে জনবহুল শহর সাংহাইসহ সারা দেশের প্রধান কেন্দ্রগুলোয় মার্চ ও এপ্রিলজুড়ে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে লকডাউন আরোপ করা হয়। প্রায় ১৯ কোটি মানুষের ৩০টিরও বেশি শহর এ বিধিনিষেধের আওতায় রয়েছে। কর্তৃপক্ষ লোকদের বাড়িতে থাকার এবং অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছিল। গত সোমবার কিছু অঞ্চলে ‘নিম্ন স্তরের অর্থনৈতিক কার্যক্রমের’
অনুমতি দেয়া হয়। যদিও অনেক বাসিন্দা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের কাছে অভিযোগ করেছেন যে তাদের বাড়ির বাইরে বের হতে দেয়া হয়নি। এ অবস্থায় সংকোচনের মুখে পড়ে দেশটির বেশির ভাগ খাত।
ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের (এনবিএস) তথ্য অনুসারে, এপ্রিলে খুচরা বিক্রি এক বছর আগের তুলনায় ১১ দশমিক ১ শতাংশ কমেছে। এটি ২০২০ সালের মার্চের পর সবচেয়ে বড় সংকোচন। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়েও এ হ্রাস তীব্রতর ছিল। এপ্রিলে কারখানার উৎপাদন কার্যক্রম গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ কমেছে। এ হারও ২০২০ সালের ফেব্রুয়ারির পর সবচেয়ে বড় পতন। কারণ লকডাউন আরোপ সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করে।
সম্প্রতি প্রকাশিত সাংহাই অটোমোবাইল সেলস ট্রেড অ্যাসোসিয়েশনের একটি বিবৃতি অনুসারে, কভিডজনিত বিধিনিষেধ শহরের গাড়ির বাজারে মারাত্মক প্রভাব ফেলেছে। গত মাসে প্রায় সব ডিলার বন্ধ ছিল এবং একটি গাড়িও বিক্রি হয়নি। সামগ্রিকভাবে মার্চের তুলনায় এপ্রিলে দেশটির গাড়ি বিক্রি ৪৬ শতাংশ কমে গিয়েছে। এ সময়ে দেশজুড়ে মাত্র ১২ লাখ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স জানিয়েছে, এপ্রিলে বিক্রীত গাড়ির সংখ্যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন।
বিশ্লেষকরা সতর্ক করেছেন, বর্তমানে ২০২০ সালের গোড়ার দিকে মহামারী শুরুর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় চীনের মন্দা কাটানো কঠিন হতে পারে। আবার রফতানিতে কম সময়ের মধ্যে উল্লম্ফন দেখা দেয়ার সম্ভাবনাও নেই।
লন্ডনভিত্তিক অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিক্সের বিশ্লেষকরা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস হুমকির মুখে পড়েছে। মহামারী-পূর্ব অবস্থায় ফিরতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
অপ্রত্যাশিতভাবে শিল্প উৎপাদন সংকোচনের সঙ্গে সঙ্গে দেশটি গত মাসে ১১ শতাংশ কম অপরিশোধিত জ্বালানি তেল প্রক্রিয়া করেছে। এ পরিশোধনের পরিমাণ ২০২০ সালের মার্চের পর সর্বনিম্ন। একই মাসে বিদ্যুৎ উৎপাদন কমেছে ৪ দশমিক ৩ শতাংশ, যা ২০২০ সালের মে মাসের পর সর্বনিম্ন। কিছু প্রদেশে রেস্তোরাঁয় বসে খাওয়া স্থগিত করায় এপ্রিলে ক্যাটারিং আয় ২২ দশমিক ৭ শতাংশ কমে গেছে। মূল্যের হিসাবে আবাসন খাতের বিক্রি কমেছে ৪৬ দশমিক ৬ শতাংশ।
এ অবস্থায় চলতি বছর সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৫ শতাংশ অর্জন করা খুবই কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ নীতিনির্ধারকরা এখনো জিরো কভিড নীতি অব্যাহত রেখেছেন। বছরের প্রথম তিন মাসে দেশটির অর্থনীতি ৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। সাংহাইতে দীর্ঘায়িত লকডাউন ও বেইজিংয়ে গণপরীক্ষা বছরের বাকি সময়ের প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলছে।










