হংকংয়ের ঐতিহাসিক ভাসমান রেস্তোরাঁটি দক্ষিণ চীন সাগরে ডুবে গিয়েছে। জাম্বো ফ্লোটিং রেস্টুরেন্ট শহর থেকে দূরে নিয়ে যাওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ডুবে যাওয়ার ঘটনা ঘটল। খবর এপি।

মালিকানা প্রতিষ্ঠান অ্যাবারডিন রেস্তোরাঁ এন্টারপ্রাইজ জানিয়েছে, শনিবার রেস্তোরাঁটি দক্ষিণ চীন সাগরের জিশা দ্বীপপুঞ্জ অতিক্রম করার সময় প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়। সে সময় জাহাজটিতে পানি ঢুকে সেটি ডুবে যেতে থাকে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে জাহাজটি বাঁচানোর প্রচেষ্টা ব্যর্থ হয় এবং রোববার এটি ডুবে যায়।

প্রায় ৮০ মিটার দৈর্ঘ্যের জাম্বো ফ্লোটিং রেস্টুরেন্টটি চার দশকেরও বেশি সময় ধরে হংকংয়ের একটি ল্যান্ডমার্ক ছিল। ব্রিটিশ রানী এলিজাবেথ দুই ও টম ক্রুজসহ ৩০ লাখেরও বেশি অতিথিকে চীনের ঐতিহ্যবাহী ক্যান্টোনিজ খাবার পরিবেশন করেছে রেস্তোরাঁটি। তবে মহামারীর কারণে ২০২০ সালে রেস্তোরাঁটি বন্ধ হয়ে যায় এবং সব কর্মীকে ছাঁটাই করা হয়।