জাপান আমদানীকৃত বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রিতে রেকর্ড গড়েছে। গত মার্চে শেষ হওয়া ২০২২-২৩ অর্থবছরে ইভি বিক্রি বছরওয়ারি ৬৫ শতাংশ বেড়ে রেকর্ড ১৬ হাজার ৪৬৪ ইউনিটে পৌঁছেছে। দেশটির সামগ্রিক আমদানীকৃত গাড়ি বিক্রির মধ্যে ইভির হিস্যা ৬ দশমিক ৭ শতাংশ। জাপান অটোমোবাইল ইমপোর্টস অ্যাসোসিয়েশন (জেএআইএ) সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর কিয়োদো এজেন্সি।
জেএআইএর তথ্য বলছে, সদ্যসমাপ্ত অর্থবছরে ২ লাখ ৪৬ হাজার ১৯৬ ইউনিট আমদানীকৃত গাড়ি বিক্রি হয়েছে। এর মধ্যে ইভির পরিমাণ ৬ দশমিক ৭ শতাংশ। সরকারি ভর্তুকি আরো অধিকসংখ্যক চালককে পরিবেশবান্ধব সম্পূর্ণ ইভির দিকে ঝুঁকতে বাধ্য করেছে।
জাপান অটোমোবাইল ডিলারস অ্যাসোসিয়েশন ও জাপান লাইট মোটর ভেহিকল অ্যান্ড মোটরসাইকেল অ্যাসোসিয়েশনের তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরে যাত্রীবাহী ইভি বিক্রির মধ্যে দেশীয় ইভি নির্মাতাদের গাড়ি বিক্রি হয়েছে মাত্র ২ শতাংশ। এ সময়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মার্কিন ইভি নির্মাতা জায়ান্ট টেসলার গাড়িগুলো।
সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে, জাপানে সম্প্রতি বিক্রি হওয়া ৩৬ লাখ ১০ হাজার যাত্রীবাহী গাড়ির মধ্যে ৭৭ হাজার ইউনিট ছিল ইভি। অধিক হারে ইভি আমদানির ফলে দেশটি গাড়ির বাজারে বৈচিত্র্য নিয়ে এসেছে। বিদেশী নির্মাতাদের গাড়ির দিকে ঝুঁকছে ক্রেতারা। জাপানি নির্মাতারা এতে কিছুটা পিছিয়ে পড়েছেন। ক্রেতারা দেশীয় ব্র্যান্ডের তুলনায় বিদেশী ব্র্যান্ডকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
দেশটির অটোমোবাইল আমদানীকারক সমিতি জেএআইএর তথ্য মতে, আট বছর ধরে জাপানে আমদানীকৃত গাড়ি বিক্রির হিসেবে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ব্র্যান্ড জার্মানির মার্সিডিজ-বেঞ্জ। এছাড়া মডেলের হিসেবে সপ্তমবারের মতো শীর্ষে রয়েছে আরেক জার্মান নির্মাতা বিএমডব্লিউয়ের মিনি।










