তামা উত্তোলনকারী দেশগুলোর বৈশ্বিক তালিকায় চিলির অবস্থান শীর্ষে। চলতি বছরের অক্টোবরে দেশটিতে ব্যবহারিক ধাতুটির উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১ শতাংশ কমেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত তামা কমিশন কোচিলকোর সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও মাইনিংডটকম।
কোচিলকোর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের অক্টোবরে চিলির খনিগুলো থেকে সব মিলিয়ে ৪ লাখ ৮৬ হাজার ৪০০ টন তামা উত্তোলন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৭ শতাংশ কম। ২০১৯ সালের অক্টোবরে দেশটির খনিগুলো থেকে সব মিলিয়ে ৪ লাখ ৯০ হাজার টন তামা উত্তোলন হয়েছিল।
তবে আগের বছরের একই সময়ের তুলনায় কমলেও চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে চিলির তামা উত্তোলনে ১ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি বজায় ছিল। গত সেপ্টেম্বরে দেশটিতে সব মিলিয়ে ৪ লাখ ৭৯ হাজার ৯০০ টন তামা উত্তোলন হয়েছিল।










