অস্ট্রেলিয়ায় নিরাপদ উড়োজাহাজ জ্বালানির (এসএএফ) উন্নয়নের জন্য কান্তাস এয়ারওয়েজ ও এয়ারবাস ২০ কোটি ডলার বিনিয়োগ করবে। উড়োজাহাজ সংস্থাগুলোর কার্বন নিঃসরণ কমানোর জন্য এ লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠান দুটি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈশ্বিক উড়োজাহাজ সংস্থা শিল্পপ্রতিষ্ঠান আইএটিএর বার্ষিক সভায় সম্প্রতি এ ঘোষণা দেয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে জ্বালানি মিশ্রণে ১০ শতাংশ এসএএফ ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করেছে কান্তাস এয়ারওয়েজ। এর আগে গত মাসে এয়ারবাসের কাছে ন্যারোবডি ও ওয়াইডবডি উড়োজাহাজের কয়েকশ কোটি ডলার মূল্যের ক্রয়াদেশ দিয়েছে উড়োজাহাজ সংস্থাটি।

এদিকে ২০৫০ সালের মধ্যে নিট জিরো কার্বন নিঃসরণের লক্ষ্য নির্ধারণ করেছে আইএটিএ। এর জন্য এসএএফের ওপর ব্যাপক নির্ভরশীল প্রতিষ্ঠানটি। তবে অস্ট্রেলিয়ায় কোনো বাণিজ্যিক উৎস না থাকায় লন্ডন ও লস অ্যাঞ্জেলেস থেকে এসএএফ আমদানি করবে কান্তাস এয়ারওয়েজ। এর জের ধরে অস্ট্রেলিয়ায় ২০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে এয়ারবাস ও কান্তাস।

এ বিষয়ে কান্তাস এয়ারওয়েজের সিইও অ্যালাস জয়েস জানান, এ বিনিয়োগের ফলে অস্ট্রেলিয়ায় স্থানীয় জৈব জ্বালানি শিল্প গড়ে উঠবে।