মালয়েশীয় রফতানিকারকদের জন্য চীনে রেড পাম অয়েল রফতানির জন্য নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। গত ১ মার্চ চীন রেড পাম অয়েলের জন্য নতুন করে চাইনিজ গ্রুপ স্ট্যান্ডার্ড বাস্তবায়ন করার ঘোষণা দেয়ার পর এ সুযোগ তৈরি হয়। ফলে চীনা আমদানিকারকরা মালয়েশিয়া থেকে নির্ধারিত মান অনুযায়ী রেড পাম অয়েল আমদানির সুযোগ পাবেন। রেড পাম অয়েলের পাশাপাশি চীন পাম কার্নেল কেকের জন্যও নতুন করে গ্রুপ স্ট্যান্ডার্ড নির্ধারণ করেছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের (এমপিওবি) মহাপরিচালক আহমেদ পারভেজ গোলাম নাদির বলেন, আমরা আশা করি চীনের মতো বহুমুখী ও বৈচিত্র্যপূর্ণ বাজারে আমাদের উন্নত ও পুষ্টিকর পাম অয়েল রফতানির এ সুযোগ ইতিবাচক। মালয়েশিয়ার রফতানিকারকরা এ সুবর্ণ সুযোগ লুফে নিতে প্রস্তুত।

আগে মালয়েশিয়ার উৎপাদিত রেড পাম অয়েল তার রঙের কারণে চীনের বাজারে রফতানির ক্ষেত্রে গুণগত প্রতিবন্ধকতার সম্মুখীন হতো। চীনের মান অনুযায়ী রেড পাম অয়েলে সর্বোচ্চ রঙ ছিল তিন মাত্রার। আর মালয়েশিয়ায় উৎপাদিত অধিকাংশ রেড পাম অয়েলে রঙের মাত্রা ছিল অন্তত সাত বা তার বেশি।

এক বিবৃতিতে এমপিওবি মহাপরিচালক বলেন, চীনের ঘোষিত নতুন গ্রুপ স্ট্যান্ডার্ড অনুযায়ী এখন থেকে রেড পাম অয়েল রফতানির ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। পারভেজ জানান, এমপিওবি ও চীনা কর্তৃপক্ষের বহুমুখী উদ্যোগ ও দ্বিপক্ষীয় সহযোগিতার ফলে চীনের বাজারে রেড পাম অয়েলের নতুন এ মান নির্ধারণ করা সম্ভব হয়েছে। ফলে এখন থেকে মালয়েশিয়ায় উৎপাদিত রেড পাম অয়েল সহজেই চীনের বাজারে রফতানির জন্য প্রস্তুত হবে।

এর আগে ২০১৪ ও ২০১৫ সালে এমপিওবি চীনের লানজু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি যৌথ কার্যক্রম শুরু করে। এতে চীনের গানসু প্রদেশের দুই হাজার স্কুল শিক্ষার্থীকে ভিটামিন-এ স্বল্পতার সঙ্গে লড়াই করতে উদ্যোগ নেয়া হয়। কার্যক্রমের আওতায় প্রাকৃতিক ক্যারোটিন, প্রো-ভিটামিন-এ এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রেড পাম অয়েলের মাধ্যমে এ স্বল্পতা পূরণের পরিকল্পনা নেয়া হয়।

পারভেজ জানান, চাইনিজ নিউট্রিশন সোসাইটির সঙ্গে যৌথভাবে পরিচালিত এ কার্যক্রমের ফলে ছয় মাসের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে ভিটামিন-এ স্বল্পতা ২১ দশমিক ৬ থেকে ৬ দশমিক ১ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এমপিওবি তার নিজস্ব সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রমে অংশ নিতে পেরে গর্বিত অনুভব করে।

তিনি আরো জানান, চীনের সাংহাই শহরে এমপিওবি তার আঞ্চলিক দপ্তর চালু করেছে, যা পাম অয়েল রিসার্স অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস ইনস্টিটিউট অব এমপিওবি (পোর্টসিম চায়না) নামেও পরিচিত।