রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে চীন। এতে বিশ্বের শীর্ষ খাদ্যশস্য রফতানিকারক দেশটি থেকে গম ও যব আমদানিতে সব ধরনের বাধা কাটল।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর চীন বিভিন্ন দেশ থেকে রেকর্ড গম ও যব আমদানি করে। কিন্তু ফাইটোস্যানেটারি সংক্রান্ত জটিলতার কারণে রাশিয়া থেকে আমদানি বন্ধ ছিল। তবে এবার রাশিয়া থেকে কৃষিপণ্য দুটি আমদানির অনুমতি দিয়েছে বেইজিং। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইজিং সফরকালে এ ঘোষণা দেয়া হয়। এ সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর হয়েছে।
চীন সাধারণত ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া থেকে গম আমদানি করে। তবে রাশিয়া থেকে আমদানি শুরু হলে চীনের বাজারে নিজেদের হিস্যা কমে যাওয়ার আশঙ্কা করছে এসব দেশ।
এদিকে সাম্প্রতিক মাসগুলোয় আরো বেশ কয়েকটি দেশের বাজারে নিজেদের অবস্থান সম্প্রসারণ করেছে রাশিয়া। এর মধ্যে সৌদি আরব ও আলজেরিয়ায় গমের বাজার হিস্যা বেড়েছে সবচেয়ে বেশি।
তথ্য বলছে, চীনে সবচেয়ে বেশি যব সরবরাহ করে অস্ট্রেলিয়া। কিন্তু উচ্চ শুল্কহারের কারণে কৃষিপণ্যটি আমদানির ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিকল্প খুঁজছে চীন। এক্ষেত্রে প্রাধান্য পাবে রাশিয়া।










