গত বছর স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তি অবশেষে কার্যকর করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইসরায়েল। আজ এ চুক্তি কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ১ হাজার কোটি ডলার স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

২০২২ সালের ৩১ মে দ্য কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সেপা) স্বাক্ষর করেছিল ইউএই ও ইসরায়েল। এ চুক্তির ফলে উভয় দেশের মধ্যকার ৯৬ শতাংশের বেশি পণ্য শুল্কমুক্ত বা হ্রাসকৃত শুল্কে কেনাকাটা করা যাবে।

২০২২ সালের মে মাসে ভারতের সঙ্গে একই ধরনের চুক্তির পর ইসরায়েলের সঙ্গে চুক্তিটি ইউএইর দ্বিতীয় বৃহৎ বাণিজ্য চুক্তি। সেপার মাধ্যমে তেলবহির্ভূত দ্বিপক্ষীয় বাণিজ্য ১ হাজার কোটি ডলারে নিয়ে যেতে চায় দেশ দুটি। ২০২১ সালে উভয় দেশের মধ্যে এ বাণিজ্য হয়েছিল যেখানে ১৩০ কোটি ডলার। 

২০২২ সালে তেলবহির্ভূত খাতে দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ২৪৯ কোটি ডলার, যা ২০২১ সালের চেয়ে ৯০ শতাংশ বেশি। 

২০৩০ সালের মধ্যে অর্থনীতির আকার দ্বিগুণ বৃদ্ধির লক্ষ্যমাত্রা সামনে রেখে বিভিন্ন মিত্রদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করছে ইউএই। বর্তমানে উপসাগরীয় দেশটির অর্থনীতির আকার ১ দশমিক ৪ ট্রিলিয়ন দিরহাম বা ৩৮ হাজার ১০০ কোটি ডলার। ২০৩০ সালের মধ্যে অর্থনীতির আকার ৩ ট্রিলিয়ন দিরহাম বা ৮১ হাজার ৭০০ কোটি ডলার করতে চায় দেশটি। এ লক্ষ্যমাত্রা সামনে রেখে ভারত, ইসরায়েল, ইন্দোনেশিয়া, তুরস্ক ও জর্জিয়ার সঙ্গে সেপা সই করেছে ইউএই।