দেউলিয়াত্ব ঠেকাতে আবেদন করেছে খুচরা ওষুধ বিক্রেতা গ্রুপ রাইট এইড। এছাড়া সংকট নিরসনে কিছু স্টোর বন্ধ করা ও চলমান মামলা নিষ্পত্তির ঘোষণাও দিয়েছে তারা। একই সঙ্গে নতুন সিইওর নাম ঘোষণা করেছে পেনসিলভানিয়াভিত্তিক কোম্পানিটি। খবর রয়টার্স।

নতুন সিইও ও প্রধান পুনর্গঠন কর্মকর্তা হিসেবে জেফরি স্টেইনকে নিয়োগ দিয়েছে রাইট এইড। ফলে অন্তর্বর্তীকালীন সিইও এলিজাবেথ বুরের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। স্টেইনকে রাইট এইডের বোর্ডে নিযুক্ত করা হয়েছে, যেখানে বুরও থাকবেন। কোম্পানিটি জানিয়েছে, কিছু ঋণদাতার কাছ থেকে ৩৪৫ কোটি ডলার অর্থায়নের একটি নতুন প্রতিশ্রুতি পেয়েছে রাইট এইড, যা তাদের দেউলিয়াত্ব কাটিয়ে উঠতে যথেষ্ট তারল্য হিসেবে কাজ করবে।

রাইট এইড জানিয়েছে, মার্কিন দেউলিয়াত্ব সুরক্ষা আইন তাদের নায্য উপায়ে মামলা সমাধানের অনুমতি দেবে। নিউ জার্সির মার্কিন দেউলিয়া আদালতের একটি মামলা অনুসারে, ওপিওড মামলা ছাড়াও ফার্মেসি চেইনটি মোট ৮৬০ কোটি ডলার ঋণের সঙ্গে লড়াই করছে। যার কিছু ২০২৫ সালে পরিশোধ করা হবে। কোম্পানিটি তাদের ৭৬৫ কোটি ডলারের মোট সম্পদের তালিকাও প্রস্তুত করেছে।

রাইট এইড কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের স্বল্প পারফরমিং যেসব স্টোর রয়েছে, সেগুলো বন্ধ করে দেয়া হবে। পাশাপাশি ভালো পারফর্ম করছে, এমন স্টোরগুলোয় কর্মীদের বদলি করা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।

অন্যান্য ফার্মেসি চেইনের সঙ্গে রাইট এইডের নামও মামলায় বিবাদী হিসেবে সংযুক্ত করা হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ, যুক্তরাষ্ট্রে ওপিওড সংকটে ইন্ধন জোগানো। প্রসঙ্গত, ‘‌লাল পতাকা’ প্রদর্শন না করা এবং ওপিওডসহ নিয়ন্ত্রিত ওষুধের অবৈধভাবে কয়েক হাজার প্রেসক্রিপশন পূরণ করায় রাইট এইডের বিরুদ্ধে মামলা করে মার্কিন বিচার বিভাগ।