করোনা মহামারীর (কভিড-১৯) ফলে সৃষ্ট বৈশ্বিক সংকটের রেশ এখনো কাটেনি জাপানের রাবার শিল্পে। কভিড-১৯-এর প্রভাবে পাঁচ সপ্তাহে মধ্যে বর্তমানে দেশটির রাবারের মূল্য সর্বনিম্নে এসে দাঁড়িয়েছে। লকডাউন বাড়ার ফলে বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার আশঙ্কা এবং ইউরোপে করোনার টিকা প্রয়োগে বিলম্ব ঘটায় এমনটা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স।
ওসাকা এক্সচেঞ্জের রাবারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আগামী আগস্টে সরবরাহ চুক্তিতে পণ্যটির মূল্য ২ দশমিক ২ শতাংশ হারে ৫ দশমিক ৬০ ইয়েন কমে কেজিপ্রতি ২৫১ দশমিক ৭০ ইয়েনে স্থির হয়। গত ১৫ ফেব্রুয়ারি পণ্যটির দাম সর্বশেষ এ অবস্থানে পৌঁছে। তবে পাঁচ সপ্তাহের কিছুটা বেশি সময়ের ব্যবধানে সর্বশেষ জাপানি রাবারের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দাঁড়িয়েছে কেজিপ্রতি ২৪৫ দশমিক ১০ ইয়েনে।
এদিকে সাংহাই এক্সচেঞ্জেও কমেছে রাবারের ভবিষ্যৎ সরবরাহ মূল্য। সেখানে আগামী মে মাসে পণ্যটির সরবরাহ মূল্য দশমিক ১০ শতাংশ হারে কমেছে ২০ ইউয়ান। টনপ্রতি রাবারের মূল্য দাঁড়িয়েছে ১৪ হাজার ২১৫ ইউয়ানে।










