চার সপ্তাহে প্রথমবারের মতো দরপতনের মুখে পড়তে যাচ্ছে স্বর্ণের বাজার। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমানো নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় মূল্যবান ধাতুটির সাপ্তাহিক দাম কমছে। তবে গতকাল একদিনের ব্যবধানে দাম কিছুটা বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২ হাজার ১৬২ ডলার ১০ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) ধাতুটির ভবিষ্যৎ সরবরাহমূল্য অপরিবর্তিত ছিল। প্রতি আউন্স লেনদেন হয়েছে ২ হাজার ১৬৭ ডলারে।

বাজার পর্যবেক্ষকরা জানান, চলতি সপ্তাহে দশমিক ৫ শতাংশ দাম হারাতে যাচ্ছে স্বর্ণ। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর এবারই প্রথম সাপ্তাহিক দাম কমতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারিতে ভোক্তা ব্যয় প্রত্যাশার চেয়ে বেড়ে যাওয়ায় সুদহার কমার সিদ্ধান্ত আরো দেরিতে বাস্তবায়ন করতে পারে ফেড, এমন আশঙ্কা ধাতুটির বাজারকে নিম্নমুখী প্রবণতায় ঠেলে দিয়েছে।

ভোক্তা মূল্যসূচক প্রকাশের আগে ব্যবসায়ীরা জানিয়েছিলেন, জুনের মধ্যেই ফেড সুদহার কমাতে পারে। এ ধারণা সত্য হওয়ার সম্ভাবনা প্রায় ৭২ শতাংশ। কিন্তু বর্তমানে তারা তা ৫৯ শতাংশে নামিয়ে এনেছে।