ইউক্রেনে রুশ আগ্রাসন আড়াই মাস পেরিয়েছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার বিস্তৃত খাতজুড়ে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ মিত্র দেশগুলো। এরই অংশ হিসেবে দেশটিতে কার্যক্রম স্থগিত করে পশ্চিমা প্রতিষ্ঠানগুলোও। এবার দেশটিতে থাকা ব্যবসা বিক্রির প্রক্রিয়া শুরু করেছে ম্যাকডোনাল্ড’স। রাশিয়ায় মার্কিন ফাস্ট ফুড চেইন কোম্পানিটির ৮৫০টি রেস্তোরাঁ ও ৬২ হাজার কর্মী রয়েছে। খবর এপি।

বিশ্বের বৃহত্তম রেস্তোরাঁ চেইনটি যুদ্ধের কারণে সৃষ্ট মানবিক সংকটের দিকে ইঙ্গিত করে বলেছে, রাশিয়ায় প্রতিষ্ঠানটির ব্যবসা ধরে রাখা এখন আর টেকসই নয়। পাশাপাশি এটি ম্যাকডোনাল্ড’সের মূল্যবোধের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।

শিকাগোভিত্তিক প্রতিষ্ঠানটি গত মার্চের শুরুতে রাশিয়ায় থাকা স্টোরগুলো স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেয়। সে সময় কর্মীদের বেতন দেয়া অব্যাহত রাখার কথাও জানিয়েছিল প্রতিষ্ঠানটি। গতকাল সংস্থাটি জানিয়েছে, ম্যাকডোনাল্ড’স একজন রুশ ক্রেতা খুঁজছে। তবে ওই ক্রেতাকে বিদ্যমান কর্মীদের নিয়োগ দিতে হবে এবং বিক্রি বন্ধ না হওয়া পর্যন্ত বেতন দিতে হবে। যদিও সম্ভাব্য ক্রেতা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

ম্যাকডোনাল্ড’সের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস কেম্পজিনস্কি বলেন, হাজার হাজার কর্মচারী ও শত শত রুশ সরবরাহকারী ম্যাকডোনাল্ড’সের প্রতি নিবেদন ও বিশ্বস্ততা রয়েছে। এ অবস্থায় দেশটি ছেড়ে যাওয়া আমাদের জন্য অত্যন্ত কঠিন সিদ্ধান্ত। তবে বিশ্ব সম্প্রদায়ের প্রতিও আমাদের প্রতিশ্রুতি রয়েছে এবং অবশ্যই আমাদের মূল্যবোধে অটল থাকতে হবে। আমাদের মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতির অর্থ হলো, আমরা সেখানে উপস্থিতি অব্যাহত রাখতে পারি না।

রাশিয়ায় থাকা রেস্তোরাঁ বিক্রির চেষ্টা করায় প্রতিষ্ঠানটি নামের সঙ্গে সোনালি প্রতীক এবং অন্য চিহ্নগুলো অপসারণ শুরুর পরিকল্পনা করছে। যদিও সংস্থাটি রাশিয়ায় ট্রেডমার্ক রাখার কথা জানিয়েছে।

তিন দশকেরও বেশি সময় আগে বার্লিন প্রাচীরের পতনের পর পরই মস্কোয় রেস্তোরাঁ খুলেছিল ম্যাকডোনাল্ড’স। সংস্থাটি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধের উত্তেজনা কমানোর একটি শক্তিশালী প্রতীক ছিল। এটি সোভিয়েত ইউনিয়নে খোলা প্রথম মার্কিন ফাস্ট ফুড রেস্তোরাঁও। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয়।

এর আগে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় কোকা-কোলা, পেপসি ও স্টারবাকসসহ অন্যান্য মার্কিন খাদ্য ও পানীয় জায়ান্টরা রাশিয়ায় কার্যক্রম স্থগিত কিংবা বন্ধ করে দিয়েছে। ব্রিটিশ জ্বালানি জায়ান্ট শেল ও বিপি থেকে শুরু করে ফরাসি গাড়ি নির্মাতা রেনোঁ পর্যন্ত প্রতিষ্ঠানগুলো রাশিয়া থেকে বেরিয়ে এসেছে। তবে ইউনিলিভার ও নেসলের মতো অনেক প্রতিষ্ঠান দেশটিতে আংশিকভাবে কার্যক্রম চালু রেখেছে।

ইউক্রেনেও সংস্থাটির রেস্তোরাঁগুলো বন্ধ রয়েছে। তবে ম্যাকডোনাল্ড’স জানিয়েছে, সেখানকার কর্মীদের সম্পূর্ণ বেতন দেয়া অব্যাহত রয়েছে। শতাধিক দেশে ম্যাকডোনাল্ড’সের ৩৯ হাজারেও বেশি রেস্তোরাঁ রয়েছে। এ রেস্তোরাঁগুলোর বেশির ভাগই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন। এগুলোর মাত্র ৫ শতাংশ প্রতিষ্ঠানটির মালিকানা ও পরিচালনায় রয়েছে।

তবে রাশিয়া থেকে বেরিয়ে যাওয়ার পরও সংস্থাটি চলতি বছর নিট রেস্তোরাঁর সংখ্যা ১ হাজার ৩০০টি বাড়ানোর পরিকল্পনা ত্যাগ করবে না। এ রেস্তোরাঁগুলো প্রতিষ্ঠানটির মোট বিক্রিতে প্রায় ১ দশমিক ৫ শতাংশ অবদান রাখবে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১১০ কোটি ডলার মুনাফা পেয়েছে ম্যাকডোনাল্ড’স। এ মুনাফার পরিমাণ গত বছরের একই সময়ে ১৫০ কোটি ডলার থেকে কম। বছরের প্রথম তিন মাসে সংস্থাটির আয়ের পরিমাণ ছিল ৫৭০ কোটি ডলার।