ভিয়েতনামের রফতানি চলতি অক্টোবরে গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে। বৈশ্বিক চাহিদা বৃদ্ধির কারণে দেশটিতে শিল্পোৎপাদনের পাশাপাশি বেড়েছে বিদেশী বিনিয়োগ, যার প্রভাব পড়েছে রফতানি খাতে। অক্টোবরে রফতানির আকার দাঁড়িয়েছে ৩ হাজার ২৩১ কোটি ডলার। রোববার এ তথ্য জানিয়েছে দেশটির পরিসংখ্যান অফিস। খবর নিক্কেই এশিয়া।

তবে বছরের প্রথম ১০ মাসের সামগ্রিক রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৯ হাজার ১২৮ কোটি ডলারে। পাশাপাশি আমদানি ১২ দশমিক ৩ শতাংশ কমে ২৬ হাজার ৬৬৭ কোটি ডলারে ঠেকেছে।

রফতানি পণ্যের মধ্যে শীর্ষে রয়েছে শিল্পোৎপাদন খাত। খাতটির আওতায় রয়েছে ইলেকট্রনিকস ও পোশাক শিল্প। চলতি বছরের অক্টোবরে গত বছরের একই সময়ের তুলনায় সম্প্রসারণ হয়েছে ৪ দশমিক ১ শতাংশ। কেবল ইলেকট্রনিকস উপখাতের সম্প্রসারণ ঘটেছেন ৪ দশমিক ৯ শতাংশ।

এর আগে শুক্রবার ভিয়েতনামে বিদেশী বিনিয়োগের প্রবৃদ্ধির কথা প্রকাশ করে দেশটির সরকার। দেশটিতে বিনিয়োগের পরিমাণ অক্টোবরে পূর্ববর্তী মাসের তুলনায় দ্বিগুণ হয়েছে। চলতি বছরের অক্টোবরে এখন পর্যন্ত ৫৩০ কোটি ডলারের বিদেশী বিনিয়োগ প্রতিশ্রুতি পেয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। সেখানে বছরের বাকি মাসগুলোর গড় বিদেশী বিনিয়োগ ২২০ কোটি ডলার। ভিয়েতনামের বিনিয়োগ মন্ত্রণালয়ের তথ্যানুসারে, অক্টোবরের প্রায় ৯০ শতাংশ কারখানা নির্মাণের পরিকল্পনার কারণে এসেছে।