পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব নূর মোহাম্মদ। সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাকে এক বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আজ রোববার এ তথ্য জানিয়েছে যমুনা ব্যাংক।
মুন্সিগঞ্জে জন্মগ্রহণকারী আলহাজ্ব নূর মোহাম্মদ শিক্ষাজীবন শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি মুন্সিগঞ্জের সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়াও আলহাজ নূর মোহাম্মদ যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান, আলহাজ নূর মোহাম্মদ ট্রাস্টের প্রতিষ্ঠাতা, মুন্সিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন। তার নেতৃত্বে যমুনা ব্যাংক ফাউন্ডেশন কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি স্বরূপ ২০২১ সালে যুক্তরাজ্যভিত্তিক ‘দ্য গ্লোবাল ইকোনমিকস’ থেকে যমুনা ব্যাংক ‘সেরা সিএসআর ব্যাংক ২০২১’ পুরস্কার লাভ করে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা পর্যালোচনা ও অনুমোদনের জন্য আগামী ১৪ জুন বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকটির এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২১ এপ্রিল।
আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩ টাকা ৫৪ পয়সা। ৩১ ডিসেম্বর ব্যাংকটির সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩২ টাকা ৬ পয়সা।
এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে যমুনা ব্যাংক। ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। ২০১৮ হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। ২০১৭ হিসাব বছরে ২২ শতাংশ স্টক ও ২০১৬ হিসাব বছরে ২০ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৭৪৯ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৬৫৩ কোটি ১৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৭৪ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৬৫০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৮ দশমিক ৫৫ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ৯৫ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৫৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৪২ দশমিক ৯৩ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে আজ যমুনা ব্যাংকের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৩ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৭ টাকা ও ২৬ টাকা ৪০ পয়সা।










