অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডিইউএসটি) ফার্মেসি বিভাগের উদ্যোগে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। তিনি ফার্মেসি পেশার গুরুত্ব, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য দেন। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা এবং পেশাগত যোগ্যতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে একজন যোগ্য ও দায়িত্বশীল ফার্মাসিস্ট হয়ে ওঠার আহ্বান জানান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিইউএসটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন ও সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মো. মাহবুবুল হক।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন এডিইউএসটির ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডিইউএসটির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এ সময় আরো ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলামসহ ট্রেজারার, রেজিস্ট্রার, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এডিইউএসটির ফার্মেসি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আসমা কবির সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এ আয়োজনে পৃষ্ঠপোষককতা করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।-বিজ্ঞপ্তি