ফ্রান্সভিত্তিক বহুজাতিক কোম্পানি ক্যারেফোরের প্রতি বাংলাদেশ থেকে আরো উচ্চমূল্যের পোশাক কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। হংকংয়ে গতকাল কোম্পানির গ্লোবাল সোর্সিংয়ের ব্যবস্থাপনা পরিচালক জিন ড্যানিয়েল গ্যাটিগনল এবং গ্লোবাল সোর্সিং পরিচালক অ্যালেক্সিয়া বনেটের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে জায়ান্ট গ্রুপের পরিচালক আজফার হাসানও উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশের পোশাক শিল্পের বিভিন্ন বিষয়, বিশেষ করে পরিবেশগত সাসটেইনেবিলিটি অনুশীলনে অগ্রগতি এবং হাই-এন্ড পণ্য উৎপাদনে শিল্পের সক্ষমতা অর্জনসহ শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।

বৈঠকে বাংলাদেশের পোশাক শিল্পকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এবং শিল্পের প্রতিযোগী সক্ষমতা বাড়াতে ক্যারেফোর এবং বিজিএমইএর মধ্যে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

ক্যারেফোর কীভাবে বাংলাদেশী সরবরাহকারীদের হাই-এন্ড পণ্যের ডিজাইন উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশগত, সামাজিক ও গভর্ন্যান্স (ইএসজি) উদ্যোগগুলো বাস্তবায়নে অংশীদারত্ব বাড়াতে পারে সে বিষয়ে আলোচনা হয়। এ সময় বিজিএমইএর সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়ও উঠে আসে।