এশিয়ার মধ্যে পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার ভারতের অন্যতম শীষ পেঁয়াজ উত্পাদন রাজ্য মহারাষ্ট্রের লাসালগাঁও। এখানকার এগ্রিকালচার প্রোডাক্ট মার্কেট কমিটি (এপিএমসি) কর্তৃক এ বাজারটি পরিচালিত হয়। এ বাজারের ওপর নির্ভর করেই পুরো ভারতে পেঁয়াজের দাম উঠানামা করে। যার প্রভাব পরে আন্তর্জাতিক বাজারেও। 

পেঁয়াজের শীর্ষ রফতানিকারক দেশটির এ পাইকারি বাজারে এ বছরে মসলা পণ্যটির দাম রেকর্ড ছাড়িয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকেই বাজারটিতে দাম বাড়তে থাকে। 

ভারতের ন্যাশনাল হর্টিকালচার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এনএইচআরডিএফ) দেয়া তথ্য বিশ্লেষণ করে ভারতীয় সংবাদ মাধ্যমে বিজনেস স্ট্যান্ডার্ড বলছে, গত বছরের ৩১ ডিসেম্বর লাসালগাঁওয়ে প্রতি কুইন্টাল পেঁয়াজের দাম ছিল ৯২৫ রুপি। যা চলতি বছরের ১৬ ডিসেম্বর এসে দাঁড়িয়েছে ৮ হাজার ৬০০ রুপিতে। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে কুইন্টাল প্রতি দাম বেড়েছে ৭ হাজার ৬৭৫ রুপি। যা ৯ গুণেরও বেশি।