যুক্তরাষ্ট্রের বাজার থেকে প্রায় ৪৯ হাজার মাস্টাং মাখ-ই বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) প্রত্যাহার করছে ফোর্ড মোটর। ইভিগুলোর একটি অংশ অত্যধিক গরম এবং সক্ষমতা কমে যাওয়ার বিষয়টি সমাধানে এ পদক্ষেপের ঘোষণা দিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা জানিয়েছে, ডিসি ফাস্ট চার্জিং হাই-ভোল্টেজ ব্যাটারি কন্টাক্টরগুলোকে অতিরিক্ত গরম করে তুলতে পারে। ২০২০ সালের মে থেকে ২০২২ সালের মে পর্যন্ত নির্মিত মাখ-ই যানবাহনগুলো এ প্রত্যাহার সিদ্ধান্তের অন্তর্ভুক্ত। একটি সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে বলেও জানিয়েছে ফোর্ড। আগামী মাসে সফটওয়্যার হালনাগাদ কার্যক্রম শুরু হবে বলে আশা করছে সংস্থাটি।
ফোর্ড জানিয়েছে, অতিরিক্ত গরমের কারণে বৈদ্যুতিক সংযোগ বিকৃত হতে পারে। এতে একটি কন্টাক্টর খোলা কিংবা একটি কন্টাক্টর বন্ধ হয়ে যেতে পারে। চলন্ত অবস্থায় যদি একটি অত্যধিক উত্তপ্ত কন্টাক্টর খুলে যায় তাহলে গাড়ির সক্ষমতা কমে যেতে পারে।










