চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক লিমিটেডের। ব্যাংকটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় এ প্রান্তিকে সমন্বিত ইপিএস বেড়েছে সাড়ে ৭ শতাংশ। গতকাল অনুষ্ঠিত ব্যাংকের পর্ষদ সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়।

সভা শেষে মূল্যসংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে জানানো হয়, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে যমুনা ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৭২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬০ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ১২ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৩৩ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৩১ টাকা ৪২ পয়সা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা পর্যালোচনা ও অনুমোদনের জন্য আগামী ১৪ জুন বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকটির এজিএম আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২১ এপ্রিল।

আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩ টাকা ৫৪ পয়সা। ৩১ ডিসেম্বর ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৪১ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩২ টাকা ৬ পয়সা।

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে যমুনা ব্যাংক। ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। ২০১৮ হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। ২০১৭ হিসাব বছরে ২২ শতাংশ স্টক ও ২০১৬ হিসাব বছরে ২০ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৭৪৯ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৬৫৩ কোটি ১৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৭৪ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৬৫০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৮ দশমিক ৫৫ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ৯৭ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৫৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৪২ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল যমুনা ব্যাংকের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২০ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৭ টাকা ৯০ পয়সা ও ২৬ টাকা ৪০ পয়সা।