কয়েক দিন কিছুটা কম থাকার পর আবারো বাড়ছে পেঁয়াজের দাম। গতকাল দিনাজপুরের হিলিতে খুচরায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ২০০ টাকায়। আগের দিন একই পরিমাণ পেঁয়াজ বিক্রি হয় ১৮০ টাকায়। সে হিসাবে একদিনের ব্যবধানে হিলি বাজারে খুচরায় পণ্যটির দাম বেড়েছে প্রতি কেজিতে ২০ টাকা। এদিকে খুচরা বিক্রির সঙ্গে পাইকারিতেও পেঁয়াজের দাম বেড়েছে একই হারে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা হায়দার হোসেন ও আব্দুল আউয়াল বণিক বার্তাকে বলেন, ব্যবসায়ীরা প্রতিদিনই ইচ্ছামতো পেঁয়াজের দাম বাড়াচ্ছেন। এটা ব্যবসায়ীদের সিন্ডিকেট ছাড়া আর কিছুই নয়। এভাবে দাম বাড়তে থাকলে সাধারণ মানুষকে বাধ্য হয়ে পেঁয়াজ খাওয়াই ছেড়ে দিতে হবে। এ সময় মসলাপণ্যটির দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আহ্বান জানান তারা।

পেঁয়াজ ব্যবসায়ী লুত্ফর রহমান জানান, তিনি হিলি থেকে পেঁয়াজ কিনে পুনরায় তা গ্রামের বাজারে বিক্রি করেন। গতকাল প্রতি কেজি পেঁয়াজ ১৭০ টাকায় কিনেছেন। কিন্তু আজ একই পরিমাণ পেঁয়াজ কিনতে খরচ করতে হচ্ছে ১৮৫-১৯০ টাকা। প্রতিদিন মূল্যবৃদ্ধির ফলে গ্রামে পণ্যটি বিক্রি করতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাকে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মনিরুল আলম বণিক বার্তাকে জানান, বন্দরে পেঁয়াজ আমদানি কমে গেছে। এতে চাহিদার তুলনায় সরবরাহ কমায় পণ্যটির দাম বাড়ছে। গতকাল তিনি পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ ১৭০-১৭৫ টাকায় বিক্রি করেছেন। একদিনের ব্যবধানে তা বেড়ে ১৯০ টাকায় বিক্রি করতে হচ্ছে। আর খুচরায় কেজিতে ২০ টাকা বাড়িয়ে বিক্রি করছেন ২০০ টাকা দরে।