বাজার থেকে বিদ্যুচ্চালিত ট্রাক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে নিকোলা। সম্প্রতি আমেরিকান কোম্পানিটি জানিয়েছে, অগ্নিকাণ্ডের তদন্তের কারণ হিসেবে ব্যাটারি প্যাকের ভেতর কুল্যান্ট ফুটো পাওয়ার পর বিক্রয় কার্যক্রম স্থগিত করা হয়। এখন পর্যন্ত সরবরাহ করা সমস্ত ব্যাটারিচালিত বৈদ্যুতিক ট্রাকগুলো প্রত্যাহার করে নেবে। খবর রয়টার্স।
নিকোলার মুখপাত্র রয়টার্সকে বলেছে, বাজারে থাকা তাদের সর্বমোট ২০৯টি ব্যাটারিচালিত বৈদ্যুতিক ট্রাক ফিরিয়ে নিতে ডিলার ও ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ব্যাটারি থেকে আগুনের ঘটনায় বিবৃতিতে নিকোলা বলেছে, ‘ভুলভাবে চালানো বা অন্য কোনো বাহ্যিক কারণে এমন সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। সমস্যাটির সমাধান দেয়ার চেষ্টা করছে তারা।’
জুনে নিকোলার ফনিক্স, অ্যারিজোনার সদর দপ্তরে ট্রাকগুলোয় আগুন লাগার তদন্তের শুরুতে তারা ভুলভাবে চালানোকে সন্দেহ করেছিল। ফিনিক্স সাইটে পর্যবেক্ষণের জন্য একটি ক্ষতিগ্রস্ত ট্রাক রাখা হয়েছিল, সেটি গত মাসে আবারো জ্বলে ওঠে। কোম্পানি বলেছে, নিকোলার নিরাপত্তা ও ইঞ্জিনিয়ারিং দলগুলো অভ্যন্তরীণ তদন্তে ব্যাটারি প্যাকের মধ্যে একটি একক সরবরাহকারী উপাদানকে কুল্যান্ট লিকের সম্ভাব্য উৎস হিসেবে চিহ্নিত করেছে। যার ফলে ট্রাকে আগুন ধরেছিল।










