চলতি বছর ব্রাজিলের সয়াবিন রফতানি প্রায় ১০ কোটি টন স্পর্শ করতে পারে। রেকর্ড উৎপাদন এবং শীর্ষ ক্রেতা চীনে তেলবীজটির ঊর্ধ্বমুখী চাহিদা রফতানিতে আশা জাগাচ্ছে। ব্রাজিলিয়ান অ্যাসোসিয়েশন অব ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ এক পূর্বাভাসে এমনটা জানিয়েছে। অ্যাসোসিয়েশন গত মাসে ৯ কোটি ৮৫ লাখ টন সয়াবিন রফতানির পূর্বাভাস দেয়। এ মাসে তা বাড়িয়ে ৯ কোটি ৯০ লাখ টন ধরা হয়েছে।
ব্রাজিল বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদক ও রফতানিকারক। অ্যাসোসিয়েশন জানায়, চলতি বছর দেশটিতে ১৫ কোটি ৭৩ লাখ টন সয়াবিন উৎপাদন হতে পারে, যা আগের পূর্বাভাসের তুলনায় তিন লাখ টন বেশি।
পূর্বাভাস অনুযায়ী, তেলবীজটির রফতানি গত বছরের তুলনায় লক্ষণীয় মাত্রায় বাড়বে। ওই সময় ব্রাজিল ৭ কোটি ৮৭ লাখ টন সয়াবিন রফতানি করেছিল। উৎপাদন করেছিল ১২ কোটি ৯৯ লাখ টন।
অ্যাসোসিয়েশন সংশ্লিষ্টরা জানান, সয়াবিনের গুণগত মানের কারণে আন্তর্জাতিক বাজারে ব্রাজিলের অবস্থান আরো শক্ত হয়েছে। অন্যদিকে চীনে ঊর্ধ্বমুখী খাদ্য চাহিদাও দেশটিতে রফতানি বাড়াতে সহায়তা করছে।
চলতি বছর ব্রাজিল সয়াবিন, সয়াবিন মিল ও সয়াবিন তেল রফতানি থেকে রেকর্ড ৬ হাজার ৬৮০ কোটি ডলার আয় করতে পারে। গত বছর আয় হয়েছিল ৬ হাজার ৬৫৮ কোটি ডলার।










