পেমেন্ট প্রযুক্তিতে বিশ্বের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ পেলেন সাব্বির আহমেদ। বাংলাদেশ ও ভিয়েতনামে ব্যাংকিং ও পেমেন্ট খাতজুড়ে তার ২৭ বছরের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। এখন তিনি ঢাকা অফিসে যুক্ত হওয়ার মাধ্যমে তিনটি দেশে ভিসার সামগ্রিক কার্যক্রমের নেতৃত্ব দেবেন।
ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ পাওয়ায় সাব্বির আহমেদ বলেন, ‘বাংলাদেশ ও বিশ্বে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে শীর্ষস্থানে থাকা প্রতিষ্ঠান ভিসায় যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। নতুন এ দায়িত্বের মধ্য দিয়ে আমি সরকার নির্ধারিত ক্যাশলেস সোসাইটির লক্ষ্য বাস্তবায়নে নিরলস কাজ করে যাব। নেপাল ও ভুটানের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব আমরা। গ্রাহক ও ব্যবসার জন্য উদ্ভাবনী ডিজিটাল-ফার্স্ট পেমেন্ট সলিউশন নিয়ে আসতে ইকোসিস্টেমের বিকাশে কাজ করে যাব বলে আশাবাদী, যা বাংলাদেশ ও আশপাশের বাজারে ডিজিটাল পেমেন্টের প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখবে।’
ভিসা ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষ বলেন, ‘বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে সাব্বির আহমেদকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তার পেশাগত অর্জনের প্রত্যয়, ব্যাংকিং অভিজ্ঞতার বিস্তৃতি ও বাজার যোগাযোগের গভীরতা আমাদের নেতৃত্বকে শক্তিশালী করার মাধ্যমে ব্যবসায়িক লক্ষ্য পূরণকে গতিশীল এবং ভিসার টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করবে।’ —বিজ্ঞপ্তি










