পুঁজিবাজারে তালিকাভুক্ত জেমিনি সি ফুড লিমিটেডের শেয়ারদর মাত্র ২৩ কার্যদিবসের ব্যবধানে ৩৬ শতাংশের বেশি কমেছে। চলতি বছরের ৪ এপ্রিল কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৩৮ টাকা ৯০ পয়সা। এরপর প্রায় প্রতিদিনই কোম্পানিটির শেয়ারদর কমেছে। সর্বশেষ ১২ মে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩৪২ টাকা ৪০ পয়সা। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ১৯৬ টাকা ৫০ পয়সা বা ৩৬ দশমিক ৪৭ শতাংশ কমেছে। এর মধ্যে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কমেছে ১৭ দশমিক ৪৩ শতাংশ। এ দরপতনের মাধ্যমে গত সপ্তাহে সাপ্তাহিক দর হারানো শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমে রয়েছে জেমিনি সি ফুড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২৭ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দর হারানোর তালিকায় থাকা বাকি কোম্পানিগুলো হলো যথাক্রমে সিটি ব্যাংক, ওয়ান ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক, তমিজউদ্দিন টেক্সটাইল, পেপার প্রসেসিং, সাভার রিফ্র্যাক্টরিজ, মোজাফফর হোসেন স্পিনিং ও প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।










