এ দায়িত্বকে আরো শক্তভাবে গ্রহণ করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) একটি উদ্যোগ নিয়েছে। ব্যাংকটি কার্বন অ্যাকাউন্টিং বা কার্বন নিঃসরণ পরিমাপকে আরো ফলপ্রসূ করার লক্ষ্যে আর্নস্ট অ্যান্ড ইয়ং অ্যাডভাইজরি সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডের (ইওয়াই এএসবিএল) সঙ্গে একটি চুক্তি করেছে। সম্প্রতি ইউসিবির করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর হয়। এটি ব্যাংকের পরিবেশগত স্থায়িত্ব (এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি) জোরদার করার কৌশলগত উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। চুক্তি অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ব্যাংকটির গ্রিনহাউজ গ্যাস ইনভেন্টরি বা কার্বন নিঃসরণ তালিকা প্রস্তুত করতে সহায়তা করবে ইওয়াই এএসবিএল।

ইউসিবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে ব্যাংকের কার্যক্রম থেকে কতটুকু কার্বন নিঃসরণ হচ্ছে, তা পরিমাপ ও বিশ্লেষণ করা হবে। এর মধ্যে থাকছে ইউসিবির নিজস্ব কার্যক্রম থেকে সরাসরি নিঃসরণ (স্কোপ ১); বিদ্যুৎ বা জ্বালানি ব্যবহারের মাধ্যমে সৃষ্ট নিঃসরণ (স্কোপ ২) এবং অপারেশনাল কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য পরোক্ষ নিঃসরণ (স্কোপ ৩)। এ পরিমাপের মাধ্যমে ইউসিবি তার পরিবেশগত প্রভাব সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির এএমডি ও সিআরও নাবিল মুস্তাফিজুর রহমান, সিএফও ফারুক আহমেদ, এসইভিপি সাইফুল ইসলাম, সিসিও জিশান কিংশুক হক, এসইভিপি (জিএসডি) মোহাম্মদ আসিফ কোরেশীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যদিকে ইওয়াই এএসবিএলের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নওশাদ একরামুল্লাহ, সহযোগী পরিচালক রানা সোহেল ও ম্যানেজার ইব্রাহিম রেদওয়ান।