টয়োটা মোটর কর্পোরেশনের চেয়ারম্যান শোইচিরো টয়োডা মারা গেছেন। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। গাড়ির বাজারে জাপানি টয়োটোকে বিশ্ব ব্র্যান্ডে পরিণত করেছিলেন তিনি।
টয়োডা প্রতিষ্ঠাতা পরিবারের তৃতীয় প্রজন্মের হিসেবে দায়িত্ব পালন করেন। তার দাদা সাকিচি টয়োডা টয়োটা গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন।
১৯২৫ সালের ২৭ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শোইচিরো টয়োডা। মাত্র ২৭ বছর বয়সে বোর্ড সদস্য হিসেবে কোম্পানিতে যোগ দেন তিনি। ১৯৬১ সালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান। এরপর ১৯৭২ সালে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ১৯৮১ সালে টয়োটা সেলসের প্রেসিডেন্ট হন তিনি।
পরে তিনি টয়োটা মোটরের চেয়ারম্যানের দায়িত্ব লাভ করেন। ১৯৯২-৯৯ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।










