দেশের পুঁজিবাজারে আজ লেনদেনের শুরুতেই বড় দরপতন হয়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৬১ পয়েন্ট কমেছে। সর্বশেষ বেলা ১টায় সূচকটি ২ শতাংশ কমে ৬ হাজার ৪৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০ টায় লেনদেন শুরুর পর থেকে শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স। ৪০ মিনিটেই ৮০ পয়েন্ট হারায় সূচকটি। এর পর সূচক কিছুটা ঘুরে দাড়ানোর চেষ্টা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বেলা ১টা পর্যন্ত সূচকটি আগের দিনের তুলনায় ১৩৩ পয়েন্ট হারিয়েছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এদিন বেলা ১ টা পর্যন্ত ১ দশমিক ৮০ শতাংশ কমে ২ হাজার ৩৬৪ ও শরিয়াহ সূচক ডিএসইএস ১ দশমিক ৪১ শতাংশ কমে ১ হাজার ৪১২ পয়েন্টে দাঁড়িয়েছে।
তিন ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ৩৪৪টির আর অপরিবর্তিত ছিল ১০টি সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ৬৭৩ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।










