সৌদি আরব বছরে ৬০ লাখ যাত্রী পরিবহনের ব্যবস্থা করতে বাস পরিষেবা চালু করেছে। ২০০ শহর ও প্রদেশকে যুক্ত করার লক্ষ্যে দেশটির পরিবহন ও লজিস্টিক সার্ভিসেস মন্ত্রী সালেহ বিন নাসের আল জাসের এ প্রকল্পের উদ্বোধন করেন। খবর অ্যারাবিয়ান বিজনেস।
নির্ধারিত অঞ্চলগুলোর ৭৬টি রুটে সংযোগ স্থাপনের লক্ষ্যে বহরে যুক্ত করা হয়েছে উন্নত প্রযুক্তির বাস। আর এ পরিসেবাটি পরিচালনা করা হবে তিনটি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে। বাস পরিষেবাটি পরিচালনা করা হবে।
ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি (টিজিএ) আয়োজিত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী, রাষ্ট্রদূত, সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টিজিএর পরিচালনা পর্ষদের সভাপতি ও মন্ত্রী সালেহ বিন নাসের আল জাসের জানান, এ প্রকল্পের মাধ্যমে ৩৫ হাজারেরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। যা মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৮৫ কোটি ৩০ লাখ ডলার অবদান রাখবে বলে আশা করছেন তিনি।
মন্ত্রী আল জাসের এ প্রকল্পকে যুগান্তকারী উদ্যোগ বলে আখ্যায়িত করেন। কারণ প্রকল্পটিকে সৌদি আরবের এ খাতে প্রথম বিদেশী বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। যেখানে বেসরকারি খাতের অংশীদারত্বকে জোরদার করার পাশাপাশি জনসাধারণের জন্য পরিষেবা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ হয়েছে। তিনি সৌদি আরবের বর্তমান ক্রাউন প্রিন্স প্রবর্তিত জাতীয় পরিবহন ও লজিস্টিক স্ট্র্যাটেজির (এনটিএলএস) ইতিবাচক প্রভাবের সম্পর্কে আলোচনা করেন, যা সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক খাতের প্রবৃদ্ধি ও সংস্কারকে ত্বরান্বিত করছে।










