পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ও সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কোম্পানি দুটির শেয়ার লেনদেনেও এ সময়ে বেড়েছে। তবে এ অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধি ও লেনদেন বাড়ার পেছনে অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি দুটি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ২৪ আগস্টের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমূখী রয়েছে জেএমআই হসপিটালের শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৭৪ টাকা ২০ পয়সায়। সর্বশেষ আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১০৫ টাকা ১০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩০ টাকা ৯০ পয়সা বা ৪১ দশমিক ৬৪ শতাংশ। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত ৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ৯৭ লাখ ১৫ হাজার ৫৯৩ টি শেয়ার লেনদেন হয়েছে। আর আজ এ লেনদেন হয়েছে ৫১ লাখ ৫৬ হাজার ৮৮৭টি।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তি (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৯ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭০ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬০ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৪৯ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৬৯ পয়সায়।
অন্যদিকে চলতি বছরের ৩০ আগস্টের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমূখী রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৫৭ টাকা ৭০ পয়সায়। সর্বশেষ আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৬০৩ টাকায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৪৫ টাকা ৩০ পয়সা বা ৩১ দশমিক ৭৫ শতাংশ। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত ৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ১ লাখ ২৫ হাজার ৬৫৫ টি শেয়ার লেনদেন হয়েছে। আর আজ এ লেনদেন ছিল ৭২ হাজার ৭৮২টি।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সোনালী আঁশের ইপিএস হয়েছে ৩ টাকা ৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৭৫ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক শূন্য ৭ গুণ। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৪৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২৮ টাকা ৭১ পয়সা।










