চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের প্রবাসী আয় নতুন মাইলফলক স্পর্শ করেছে। সর্বশেষ তথ্য অনুসারে, এপ্রিলে দেশটির প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩১০ কোটি ডলারে। খবর খালিজ টাইমস।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তান জানিয়েছে, কর্মীদের প্রবাসী আয় প্রথমবারের মতো এক মাসে ৩০০ কোটি ডলারের সীমা অতিক্রম করেছে। এর আগে এ বছরের মার্চে দেশটির প্রবাসী আয় ছিল ২৮০ কোটি ডলার।

২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাসে প্রবাসী আয় ৭ দশমিক ৬ শতাংশ বেড়ে ২ হাজার ৬১০ কোটি ডলারে উন্নীত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগের মাসের তুলনায় এপ্রিলে আয় বেড়েছে ১১ দশমিক ২ শতাংশ। গত বছরের তুলনায় আয় বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।

প্রবাসী আয়ের ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা ছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)। গত মাসে সৌদি থেকে পাকিস্তানে প্রবাসী আয় আসে ৭০ কোটি ৭০ লাখ ডলার। ইউএই থেকে আসে ৬১ কোটি ৪০ লাখ ডলার। এছাড়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অনাবাসিক পাকিস্তানিদের পাঠানো অর্থের পরিমাণ ছিল যথাক্রমে ৪৮ কোটি ৪০ লাখ ডলার ও ৩৪ কোটি ৬০ লাখ ডলার।