ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটরস তাদের বিলাসবহুল জাগুয়ার ল্যান্ড রোভারের (জেএলআর) সাফল্য ধারাবাহিকভাবে তৃতীয় প্রান্তিকে ধরে রেখেছে। তিন মাসে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৩ হাজার ২০৩ কোটি রুপি। অথচ গত বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৫ হাজার ৭ কোটি রুপি। কোম্পানির মুনাফা ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকের জন্য বিশ্লেষকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
প্রধান অর্থনৈতিক কর্মকর্তা পিবি বালাজি সারা বছর ধরে ইতিবাচক গতি বজায় রাখার আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। এপ্রিল-জুনের মধ্যে টাটা মোটরসের মোট আয় ১ দশমিক শূন্য ২ ট্রিলিয়ন রুপিতে পৌঁছেছে, যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে ৪২ শতাংশ বেড়েছে। জেএলআর কোম্পানির ইতিবাচক পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
জাগুয়ার ল্যান্ড রোভার ৬৯০ কোটি পাউন্ড আয় করেছে, যা বছরে ৫৭ শতাংশ বেড়েছে আর খুচরা বিক্রি ২৯ শতাংশ বৃদ্ধি দেখেছে। জেএলআর আশা করছে, টাটা গ্রুপ ব্রিটেনে ৪০০ কোটি বিলিয়ন পাউন্ডের কারখানা নির্মাণের পরিকল্পনা করছে, যাতে বিলাসবহুল বিদ্যুচ্চালিত গাড়ির ব্যাটারি সেলের সরবরাহ নিশ্চিত করা যায়। টাটা মোটরসের বাণিজ্যিক গাড়ির ব্যবসাও ভালো করেছে।










