আন্তর্জাতিক বাজারে বাড়তির দিকে রয়েছে সয়াবিনের দাম। এ ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) কৃষিপণ্যটির দাম বুশেলপ্রতি (৬০ পাউন্ড) ১২ ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্য দিয়ে সিবিওটিতে সয়াবিনের দাম ছয় বছরের সর্বোচ্চে উন্নীত হয়েছে। খবর বিজনেস রেকর্ডার ও এগ্রিমানি।
সিবিওটি প্রাইস ইনডেক্স অনুযায়ী, সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল সয়াবিনের দাম দাঁড়িয়েছে ১২ ডলার শূন্য ১ সেন্টে, যা আগের দিনের তুলনায় বুশেলপ্রতি ১৭ দশমিক ৭৫ সেন্ট বেশি। ২০১৪ সালের ১৭ ডিসেম্বরের পর এটাই কৃষিপণ্যটির সর্বোচ্চ দাম।
প্রতি বছর ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সয়াবিনের নতুন বিপণন মৌসুম শুরু হয়। সেই হিসেবে বর্তমানে দেশটিতে সয়াবিনের ২০২০-২১ মৌসুম চলছে। গত মৌসুমে যুক্তরাষ্ট্র থেকে সব মিলিয়ে ৪ কোটি ৮৮ লাখ টন সয়াবিন রফতানি হয়েছে বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, এবারের মৌসুমে যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্যটির রফতানি বেড়ে ৫ কোটি ৩৮ লাখ টনে উন্নীত হতে পারে। এ তথ্য সয়াবিনের দাম বাড়িয়েছে।










