ভিয়েতনামে বিদেশী বিনিয়োগ বাড়ছে। চলতি অক্টোবরে দেশটি দ্বিগুণেরও বেশি আর্থিক প্রতিশ্রুতি পেয়েছে। নতুন কারখানাগুলোয় এসব বিনিয়োগ প্রতিশ্রুতি পেয়েছে ‘‌ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে পরিচিত দেশটি। ভিয়েতনামের সরকারি কর্তৃপক্ষ সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

চলতি বছরের অক্টোবরে এখন পর্যন্ত ৫৩০ কোটি ডলারের বিদেশী বিনিয়োগ প্রতিশ্রুতি পেয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। সেখানে বছরের বাকি মাসগুলোর গড় ২২০ কোটি ডলার। ভিয়েতনামের বিনিয়োগ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, অক্টোবরের প্রায় ৯০ শতাংশ প্রবাহ কারখানা নির্মাণের পরিকল্পনার কারণে এসেছে। 

চলতি বছরের শুরু থেকে ২ হাজার ৫৭৬ কোটি ডলারের বিদেশী বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে ভিয়েতনাম, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৭ শতাংশ বেশি। আর এ প্রতিশ্রুতির তিন-চতুর্থাংশ এসেছে উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ শিল্পে। সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার পর চলতি বছর পর্যন্ত সবচেয়ে বেশি প্রতিশ্রুতি এসেছে চীন ও হংকং থেকে।

তথ্য মতে, ২০২৩ সালের প্রথম ১০ মাসে দেশটিতে প্রকৃত বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮০০ কোটি ডলারে। যা আগের বছরের একই সময়ের থেকে ২ দশমিক ৪ শতাংশ বেশি।