কর্মীদের সন্তানদের মেধা বিকাশে সহায়তা এবং নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে দুই দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে মেলার উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান। এ আয়োজনে সহযোগিতা করেছে ব্র্যাক কুমন।

বইমেলায় ২ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য প্রায় ৩০ ধরনের শিক্ষামূলক বই ও ওয়ার্কবুক প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা, গণিত, ভাষা দক্ষতা এবং সাধারণ জ্ঞান বিকাশে সহায়ক বিভিন্ন বই। এসব বই শিশুদের শেখার অভিজ্ঞতাকে আরো আনন্দদায়ক করে তুলবে।

মেলায় ব্র্যাক ব্যাংকের কর্মীদের জন্য রাখা হয়েছে বিশেষ সুবিধা। এর মধ্যে রয়েছে এনরোলমেন্ট ফিতে ২৫ শতাংশ ছাড়, কুমন বইয়ে বিশেষ ছাড়, তাৎক্ষণিক ডায়াগনস্টিক টেস্ট (ডিটি) বুকিংয়ের সুযোগ এবং সফল ফ্র্যাঞ্চাইজি রেফারেলের ক্ষেত্রে আকর্ষণীয় সুবিধা।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব অপারেশনস মুনিরুজ্জামান মোল্যা এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মনজুলা মোর্শেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অন্যদিকে ব্র্যাক কুমনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ইন-স্কুল প্রোগ্রাম ম্যানেজার অরনি মাহমুদ ও পার্টনারশিপ ম্যানেজার ইনসানুল হকসহ অন্যান্য কর্মকর্তা।

এ উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক কর্মীদের সন্তানদের জন্য একটি কাঠামোবদ্ধ ও স্বনিয়ন্ত্রিত শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ব্যাংকটি বিশ্বাস করে, এ ধরনের উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং জীবনে সাফল্য অর্জনে প্রয়োজনীয় ভিত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।