চলতি বছরের অক্টোবরে মালয়েশিয়ায় প্রাকৃতিক রাবার উৎপাদন ১০ দশমিক ৩ শতাংশ কমেছে। বিশ্ববাজারে গ্লাভস, টায়ার ও রাবাব থ্রেডের চাহিদা কমে যাওয়ায় উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে। খবর সিনহুয়া।

অক্টোবরে মালয়েশিয়ায় ৩১ হাজার ৭৯৫ টন প্রাকৃতিক রাবার উৎপাদন হয়েছে। এর আগের মাসে উৎপাদনের পরিমাণ ছিল ৩৫ হাজার ৪৬০ টন। দেশটির পরিসংখ্যান বিভাগ জানায়, গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ২৬ দশমিক ৩ শতাংশ কমেছে। ওই সময় দেশটি ৪৩ হাজার ১২৭ টন প্রাকৃতিক রাবার উৎপাদন করেছিল।

এদিকে উৎপাদনের পাশাপাশি রফতানি কমেছে ২৩ দশমিক ৮ শতাংশ। অক্টোবরে বিশ্বের শীর্ষ রাবার উৎপাদক দেশটি ৪১ হাজার ৫৪৮ টন রফতানি করে। আগের মাসে রফতানির পরিমাণ ছিল ৫৪ হাজার ৫৪২ টন।

অক্টোবরেও দেশটির শীর্ষ রফতানি গন্তব্য ছিল চীন। মোট রফতানির ৫৬ দশমিক ২ শতাংশই গিয়েছে দেশটিতে। এর পরই জার্মানি, ব্রাজিল, ফিনল্যান্ড ও ইরানে সর্বোচ্চ রাবার রফতানি করা হয়।

রাবাব থেকে উৎপাদিত পণ্যের মধ্যে মালয়েশিয়া সবচেয়ে বেশি রফতানি করে গ্লাভস। অক্টোবরে দেশটি গ্লাভস রফতানির মাধ্যমে ২৪ কোটি ৯০ লাখ ডলার আয় করেছে। যা আগের মাসের তুলনায় ১৩ দশমিক ২ শতাংশ কম।