যুক্তরাষ্ট্রে আগামী পাঁচ বছরে ৩ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে সিঙ্গাপুরের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেমাসেক হোল্ডিংস প্রাইভেট লিমিটেড। চীনের শ্লথ বাজারে বিনিয়োগে সম্প্রতি সতর্কতা অবলম্বন করেছে কোম্পানিটি। এর পরিপ্রেক্ষিতে মার্কিন বাজারের দিকে নজর দিচ্ছে টেমাসেক। দ্য স্ট্রেইট টাইমস।

টেমাসেকের উত্তর আমেরিকার প্রধান জ্যান আথারটন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘আগামী কয়েক বছর যুক্তরাষ্ট্র আমাদের বিনিয়োগের সবচেয়ে বড় গন্তব্য হবে।’

এক দশকের মধ্যে চলতি বছরে উত্তর ও দক্ষিণ আমেরিকায় বিনিয়োগের ক্ষেত্রে চীনকে ছাড়িয়ে গেছে টেমাসেক। মহাদেশ দুটির মোট বিনিয়োগের ২২ শতাংশ হয়েছে যুক্তরাষ্ট্রে, এর পরিমাণ ৬ হাজার ৩০০ কোটি ডলার। অন্যদিকে চীনে রয়েছে মোট বিনিয়োগের ১৯ শতাংশ ও সিঙ্গাপুরে ২৭ শতাংশ। টেমাসেক চলতি বছরের মার্চ নাগাদ ৩৮ হাজার ৯০০ সিঙ্গাপুর ডলার বিনিয়োগ করেছে, আগের বছরের একই সময়ে যা ছিল ৩৮ হাজার ৮২ হাজার সিঙ্গাপুর ডলার।

চীন ও যুক্তরাষ্ট্র বর্তমানে সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগে প্রতিযোগিতা করছে। এ খাতে চীনের অগ্রগতি ঠেকাতে রফতানি নিয়ন্ত্রণ ও শুল্ক বাধার তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এমনকি সেমিকন্ডাক্টর প্রযুক্তি উন্নয়নে চীনকে বাধা দিতে আইন প্রণয়নের চিন্তাও করছে দেশটি।

যুক্তরাষ্ট্র-চীন দ্বৈরথের কারণে বিশ্বব্যাপী বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। সম্ভাবনাময় এ খাতে বিনিয়োগেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করছেন তারা। জ্যান আথারটন বলেন, ‘এ রকম চ্যালেঞ্জপূর্ণ পরিবেশেও নিরাপদ বিনিয়োগের উপায় আছে। তা হলো তালিকাভুক্ত সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় সরাসরি যুক্ত না থেকে সেগুলোর শেয়ার কেনা।’

চীনে ভূরাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকায় বিনিয়োগ এড়িয়ে চলে টেমাসেক। এর পরিবর্তে দেশটির অভ্যন্তরীণ বড় কোম্পানিগুলোয় বিনিয়োগ করে তারা। সম্প্রতি কোম্পানিটি বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) ও বায়োটেক ইন্ডাস্ট্রিতে বিনিয়োগে আগ্রহী হয়েছে।

জ্যান আথারটন বলেন, ‘ভূরাজনৈতিক উত্তেজনার ভুক্তভোগী হতে পারে, এমন কোনো কোম্পানিতে আমরা বিনিয়োগ করছি না।’

যুক্তরাষ্ট্রে কৃত্রিম বৃদ্ধিমত্তাসহ (এআই) সেমিকন্ডাক্টর, ডাটা সেন্টার ও এসব প্রযুক্তির জন্য বিদ্যুৎ সরবরাহ করে এমন কোম্পানিতে বিনিয়োগ করতে চায় টেমাসেক। আথারটনের ভাষ্যমতে, নিজেদের সহযোগী প্রতিষ্ঠান ম্যাপলট্রি প্রাইভেট লিমিটেড ও ক্যাপিটাল্যান্ড গ্রুপ প্রাইভেট লিমিটেডের মাধ্যমে ডাটা সেন্টার খাতে টেমাসেক ব্যবসায়িক সম্প্রসারণ করতে পারে।

প্রসঙ্গত, গত দশকে যুক্তরাষ্ট্রে টেমাসেকের সম্পদের পরিমাণ পাঁচ গুণ বেড়েছে। নতুন বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন হলে তা আরো কয়েক গুণ বাড়বে।