চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় আয় ও মুনাফা দুটোই বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের। এর মধ্যে নিট মুনাফা বেড়েছে প্রায় ১১৪ শতাংশ। গতকাল প্রকাশিত সেবা ও আবাসন খাতের কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সামিট অ্যালায়েন্স পোর্টের সমন্বিত আয় হয়েছে ৪৭ কোটি ৫৬ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪১ কোটি ৪৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৬ কোটি ৯ লাখ টাকা বা ১৪ দশমিক ৬৮ শতাংশ। এ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১০ কোটি ৯৬ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ কোটি ১২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৫ কোটি ৮৪ লাখ টাকা বা ১১৩ দশমিক ৮২ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২২ পয়সা।










