বোয়িংয়ের যাত্রী ও পণ্যবাহী উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে ডয়চে লুফথানসা। সাতটি যাত্রীবাহী ও ১০টি কার্গো উড়োজাহাজের মোট তালিকামূল্য ৬০০ কোটি ডলারের কাছাকাছি। বহরের আধুনিকায়ন ও পণ্যবাহী উড়োজাহাজের চাহিদা মেটাতে এ ক্রয়াদেশ দিতে যাচ্ছে জার্মান রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। খবর রয়টার্স।

লুফথানসা জানিয়েছে, উড়োজাহাজের বহর আধুনিকায়নের অংশ হিসেবে স্বল্প ব্যয়ের এবং জ্বালানি-সাশ্রয়ী মডেল সংযোজন করা হচ্ছে। এ পদক্ষেপ অন্তত ৮ শতাংশ পরিচালন মার্জিনের লক্ষ্য পৌঁছতে এবং ২০২৪ সালের মধ্যে অন্তত ১০ শতাংশ ব্যয়িত মূলধনের রিটার্ন পেতে সহায়তা করবে।

পরিকল্পনার অংশ হিসেবে সাতটি দূরপাল্লার ৭৮৭-৯ যাত্রীবাহী উড়োজাহাজের ক্রয়াদেশ দেবে লুফথানসা গ্রুপ। উড়োজাহাজগুলো বোয়িংয়ের ৭৭৭-৯ মডেলের বিলম্বিত সরবরাহের কারণে সৃষ্ট শূন্যতা পূরণ করবে। ৭৭৭-৯ মডেল মূলত ২০২৩ সালে সরবরাহের জন্য নির্ধারিত ছিল। তবে দুই বছর পিছিয়ে সেগুলো আগামী ২০২৫ সালে সরবরাহ পাওয়ার আশা করা হচ্ছে।

২০২৫-২৬ সালের মধ্যে গ্রুপটি ৭৮৭-৯ মডেলেরও সরবরাহ পাবে। এগুলো মূলত অন্যান্য এয়ারলাইনসের জন্য নির্ধারিত ছিল। এর আগে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানকে ক্রয়াদেশ দেয়া ৭৮৭-৯ জেটের সরবরাহের তারিখও সংশোধন করা হবে। কিছু ক্ষেত্রে তারিখগুলো ২০২৩-২৪ সালে এগিয়ে আনা হবে।

যাত্রীবাহী উড়োজাহাজের পাশাপাশি তিনটি ৭৭৭এফ এবং সাতটি পরবর্তী প্রজন্মের ৭৭৭-৮এফসহ মোট ১০টি ৭৭৭ পরিবারের কার্গো জেট কিনবে লুফথানসা। ৭৭৭এফএস মডেলের একটি উড়োজাহাজ ইজারার আওতায় অন্য এয়ারলাইনসের বহরে রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেটি লুফথানসা কার্গোতে যুক্ত হবে।

এদিকে ক্রয়াদেশ দিতে যাওয়া নতুন ৭৭৭-৮এফ কার্গো বোয়িংয়ের ৭৭৭এক্সর নতুন প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আগামী ২০২৭ সাল নাগাদ উড়োজাহাজগুলো হাতে পাবে লুফথানসা।