গত বছরের শেষ প্রান্তিকে সরবরাহ চেইনে নানাবিধ জটিলতা দক্ষিণ কোরিয়ার চাল আমদানি ব্যাহত করেছে। এ সময় কৃষিপণ্যটির আমদানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে ১১ শতাংশ। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস। খবর ওয়ার্ল্ডগ্রেইন ডটকম।

প্রতিষ্ঠানটির তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরে দক্ষিণ কোরিয়া ৪ লাখ ১৮ হাজার ৩৩৬ টন চাল আমদানি করে। এটি ইউএসডিএর আগের পূর্বাভাসের তুলনায় ১৬ শতাংশ কম। ২০২১-২২ অর্থবছরের জন্য ইউএসডিএ পূর্বাভাস বাড়িয়েছে। এ সময় ৪ লাখ ৯০ হাজার টন চাল আমদানির কথা বলা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ১৯ শতাংশ বেশি।

ইউএসডিএর প্রাক্কলন অনুযায়ী, চলতি বছর দক্ষিণ কোরিয়ায় ৩৮ লাখ ৮০ হাজার টন চাল উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগের বছরের তুলনায় উৎপাদন ১০ শতাংশ বাড়বে। তবে চাল ব্যবহারের পরিমাণ অপরিবর্তিত রাখা হয়েছে। চলতি বছর ৩৯ লাখ ৬০ হাজার টন চাল ব্যবহার হতে পারে।

কয়েক বছর ধরেই দক্ষিণ কোরিয়ায় চাল ব্যবহার নিম্নমুখী। সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরে কৃষিপণ্যটির ব্যবহার বাড়তে দেখা যায়। এরপর টানা চার বছর ধরে ব্যবহার কমেছে। চলতি বছর মাথাপিছু ব্যবহার দাঁড়াতে পারে ৫৫ কেজি ৩ গ্রামে।