বৈশ্বিক মন্দাবস্থার ভেতরেই জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নে বেড়েছে যাত্রীবাহী গাড়ির বেচাকেনা। চলতি বছরের জানুয়ারিতে এসব গাড়ির বাজার গত বছরের একই সময়ের  তুলনায় বেড়েছে ১১ দশমিক ৩ শতাংশ। সম্প্রতি এমনটাই জানিয়েছে ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ)।

এসিইএর তথ্যানুযায়ী, ২০২৩ সালের জানুয়ারিতে ৭ লাখ ৬০ হাজার ৪১টি নতুন যাত্রীবাহী গাড়ির নিবন্ধন করা হয়েছে। গত বছরের জানুয়ারিতে সংখ্যাটি ছিল ৬ লাখ ৮২ হাজার ৫৯৬। ইউরোপীয় ইউনিয়নের চারটি বৃহৎ বাজারের তিনটিতেই বেড়েছে বিক্রি। এর মধ্যে স্পেনে বেড়েছে ৫১ দশমিক ৪ শতাংশ। এছাড়া ইতালিতে ১৯ শতাংশ ও ফ্রান্সে ৮ দশমিক ৮ শতাংশ। যদিও জার্মানিতে বিক্রির হার ২ দশমিক ৬ শতাংশ কমার তথ্য পাওয়া গেছে।

গত মাসে হাইব্রিড ও ব্যাটারিচালিত যাত্রীবাহী গাড়ি নিবন্ধনের সূচক ছিল ঊর্ধ্বমুখী। হাইব্রিড গাড়ি ২৬ শতাংশ ও ব্যাটারিচালিত ৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে। অবশ্য ৩৭ দশমিক ৯ শতাংশ শেয়ার নিয়ে পেট্রলই ধরে রেখেছে নতুন গাড়িতে বহুল ব্যবহৃত জ্বালানির স্থান।