গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আয় ও মুনাফা বেড়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি। এ সময়ে তাদের মুনাফা দাঁড়িয়েছে ৫২৬ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। অন্যদিকে ডিজনির আয় হয়েছে ২৩৬ কোটি ৫০ লাখ ডলার। খবর এপি।

ডিজনি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের থিম পার্কে দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। পাশাপাশি স্ট্রিমিং প্লাটফর্ম ডিজনি প্লাস ও হুলুতে গ্রাহকও বেড়েছে। এ দুটি প্লাটফর্মে মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৩০ লাখে। হুলু থেকে গ্রাহক আরো বাড়বে বলে তারা আশা করছে।

এ ছাড়া ডিজনির ক্রীড়াভিত্তিক চ্যানেল ইএসপিএন একটি নতুন স্ট্রিমিং সার্ভিস চালু করতে যাচ্ছে। এ প্লাটফর্মে আগামী বছর থেকে যুক্তরাষ্ট্রে ডব্লিউডব্লিউইর বড় অনুষ্ঠানগুলো দেখানো হবে। এর মধ্যে রয়েছে রেসলম্যানিয়া, রয়্যাল রাম্বল, সামারস্লামসহ অন্যান্য জনপ্রিয় ইভেন্ট। চুক্তির আর্থিক শর্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, এর মূল্য ১৬০ কোটি ডলারের বেশি।

এদিকে ডিজনি ও এনএফএলের (ন্যাশনাল ফুটবল লিগ) মধ্যে একটি প্রাথমিক চুক্তি হয়েছে, যার আওতায় ইএসপিএন নেটওয়ার্ক ও এনএফএল ফ্যান্টাসির মালিকানা ডিজনির হাতে যেতে পারে।

চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে ডিজনির অভ্যন্তরীণ থিম পার্ক ব্যবসা থেকে মুনাফা ২২ শতাংশ বেড়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ছয়টি পার্ক ও ক্রুজ লাইন। তবে আন্তর্জাতিক পার্ক ও অন্যান্য অভিজ্ঞতাভিত্তিক ব্যবসা থেকে মুনাফা ৩ শতাংশ কমেছে।