মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর তিন লাখের বেশি উদ্যোক্তার (এজেন্ট) সন্তানদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘সন্তানের কণ্ঠে কোরআন তেলাওয়াত’ শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজক নগদ ইসলামিক। এরই মধ্যে প্রতিযোগিতাটি নগদ উদ্যোক্তার সন্তানদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
প্রতিযোগিতাটি বয়সভিত্তিক তিনটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। অংশগ্রহণের নিয়ম অনুযায়ী, নগদের উদ্যোক্তারা তাদের সন্তানের কোরআন তেলাওয়াতের ১-২ মিনিটের একটি ভিডিও রেকর্ড করে নির্ধারিত গুগল ফরম লিঙ্কে আপলোড করবেন। প্রাপ্ত সব ভিডিও রেকর্ডগুলো নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে বিচার-বিশ্লেষণের মাধ্যমে প্রথম পর্যায়ে ৯০ জনকে নির্বাচিত করা হবে। তাদের মধ্যে থেকে ৩০ জন ঢাকায় নগদের প্রধান কার্যালয়ে গ্র্যান্ড ফিনালেতে অংশ নেবে। আর দ্বিতীয় ও তৃতীয় হওয়া ৬০ জনকে বিশেষ সনদ দেয়া হবে।
চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট নয়জন জাতীয় পর্যায়ের বিজয়ী হবে। বিজয়ীদের আকর্ষণীয় নগদ অর্থ পুরস্কারের সঙ্গে ক্রেস্ট ও সার্টিফিকেট দেবে নগদ ইসলামিক।
পুরো আয়োজন সম্পর্কে নগদ ইসলামিক শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচএম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, ‘প্রতিযোগিতাটি শিশুকে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। এর মাধ্যমে ছোটবেলা থেকেই তাদের মনে ভালো কাজের প্রতি আগ্রহ তৈরি হবে এবং তারা সুন্দর ও সুশৃঙ্খল মানুষ হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা পাবে। মূলত একটি আদর্শ জীবন গড়ার প্রাথমিক অনুপ্রেরণা হিসেবেই নগদ ইসলামিক এ আয়োজনটি করে থাকে।’










